সিএএ-র বৈধতা নিয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র ভবিষ্যৎ কী? ২০১৯ সালে মোদী সরকারের পাশ করা এই বিতর্কিত আইনের বৈধতা নিয়ে এবার কোমর বেঁধে ময়দানে নামছে সুপ্রিম কোর্ট। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সিএএ-কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা কয়েক ডজন আবেদনের শুনানিতে সম্মতি দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলাগুলি খতিয়ে দেখার সবুজ সংকেত দেওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। আসাম থেকে দিল্লি— শাহিনবাগের সেই উত্তাল আন্দোলনের স্মৃতি আজও টাটকা। বিরোধীদের অভিযোগ ছিল, এই আইন দেশের সংবিধানপ্রদত্ত ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।
এতদিন মামলাগুলি ঝুলে থাকলেও, সুপ্রিম কোর্টের বর্তমান এই সিদ্ধান্তের ফলে বিচারপ্রক্রিয়া দ্রুত গতিতে এগোবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের যুক্তি ছিল, উৎপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতেই এই আইন। কিন্তু মামলাকারীদের দাবি, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ ভারতীয় সংবিধানের মূল কাঠামোর বিরোধী। এখন দেখার, শীর্ষ আদালতের এজলাসে মোদী সরকারের এই মাস্টারস্ট্রোক আইন কতখানি ধোপে টেকে। সিএএ আদৌ বহাল থাকবে নাকি আইনি বাধার মুখে পড়বে, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ।