রাহুল গান্ধী সহ ২৫ বিরোধী সাংসদকে ঘরে ঢুকে গুলি করে মারার হুমকি, গ্রেফতার যুবক

নিউজ ডেস্ক–
লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপমানের বদলা নিতে রাহুল গান্ধী সহ দেশের ২৫ জন হেভিওয়েট বিরোধী সাংসদকে একে একে গুলি করে খুনের হুমকি দিয়ে শ্রীঘরে ঠাঁই হলো এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। ধৃত যুবকের নাম রাজ সিং। নিজেকে কর্নি সেনার নেতা হিসেবে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই চরম হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
অভিযোগ অনুযায়ী, লোকসভার বাজেট অধিবেশনের প্রথম পর্বে স্পিকার ওম বিড়লার সঙ্গে বিরোধী শিবিরের উত্তপ্ত বাক্যবিনিময় এবং বাদানুবাদ হয়। রাজ সিংয়ের দাবি, অধিবেশনে রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী সাংসদরা পরিকল্পিতভাবে স্পিকারকে হেনস্তা ও অপমান করেছেন। স্পিকার ওম বিড়লা কোটার সাংসদ হওয়ায় স্থানীয় আবেগ উসকে দিয়ে রাজ সিং একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমি মনে করি যা ঘটেছে সবটাই রাহুল গান্ধীর নির্দেশে। রাহুল গান্ধী শুনে রাখুন, এই ঘটনা আবার ঘটলে ঘরে ঢুকে আপনাদের গুলি করে দেব।” শুধু তাই নয়, ভিডিওতে তিনি আল্টিমেটাম দিয়ে জানান যে ২৪ ঘণ্টার মধ্যে রাহুল গান্ধীদের গ্রেফতার না করা হলে তিনি নিজেই আগ্নেয়াস্ত্র হাতে তুলে নেবেন।
বিজেপি ও কর্নি সেনার অবস্থান
ভিডিওটিতে রাজ সিং নিজেকে কর্নি সেনার সদস্য হিসেবে দাবি করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওম বিড়লার করমর্দনের ছবি ব্যবহার করে বিজেপির ভাবাবেগের কথাও উল্লেখ করেন। তবে ঘটনা জানাজানি হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। কর্নি সেনার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে ধৃত রাজ সিং তাদের সংগঠনের সদস্য নয়। অন্যদিকে, কোটা শহরের বিজেপি সভাপতি রাকেশ জৈন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভিডিওর যুবকের সঙ্গে বিজেপির দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। বিজেপি একটি শৃঙ্খলাপরায়ণ দল এবং এ ধরনের উসকানিমূলক ভাষা আমাদের নীতি-আদর্শের পরিপন্থী।”
পাল্টা আক্রমণে কংগ্রেস
এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে কংগ্রেস। দলের বর্ষীয়ান সাংসদ কেসি ভেণুগোপাল অভিযোগ তুলেছেন যে সঙ্ঘ পরিবার এবং বিজেপির প্রশ্রয়েই দেশে এমন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, “সংসদে রাহুল গান্ধীকে কথা বলতে বাধা দেওয়ার পর এবার তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তবে রাহুল গান্ধী এসব হুমকিতে বিন্দুমাত্র বিচলিত নন।”
পুলিশি তৎপরতা
ইতিমধ্যেই অভিযুক্ত রাজ সিংকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। পুলিশ খতিয়ে দেখছে ধৃত যুবক সত্যিই কোনো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত কি না অথবা এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না। স্পিকারের সম্মান রক্ষার নামে খোদ বিরোধী দলনেতাকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।