সোনার মূর্তির টোপ দিয়ে কসবার ব্যবসায়ীর ১১ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ১

সোনার মূর্তির টোপ দিয়ে কসবার ব্যবসায়ীর ১১ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ১

মাটির নিচ থেকে পাওয়া সোনার মূর্তির প্রলোভনে পড়ে ১১ লক্ষ ২০ হাজার টাকা খোয়ালেন কলকাতার কসবা এলাকার এক হোটেল ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে ওই ব্যবসায়ী প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করেন। বিশ্বাসযোগ্যতা অর্জনে প্রতারকরা শুরুতে আসল সোনার নমুনা দেখালেও পরে পিতলের ওপর সোনার প্রলেপ দেওয়া মূর্তি গছিয়ে দেয়।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ব্যবসায়ী ধরমবীর সাউ ভেঙে না পড়ে সাহসিকতার পরিচয় দেন। পুনরায় বড় মূর্তির টোপ দিয়ে তাকে দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণমোহনে ডাকা হলে তিনি সেখানে পৌঁছান। অভিযুক্ত ফারুক বৈদ্য মূর্তি দিতে এলে ব্যবসায়ী তাকে জাপটে ধরেন এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হাতে তুলে দেন।

বারুইপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দুটি নকল মূর্তি ও নগদ ২ লক্ষ ৬৩ হাজার টাকা উদ্ধার করেছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিশ। সস্তায় সোনা পাওয়ার প্রলোভন ও সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে পা না দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *