হিলিতে জনসংযোগ অভিযানে বিধায়ক অশোক লাহিড়ী, শুনলেন অভাব-অভিযোগ

হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলে ‘গৃহ সম্পর্ক’ অভিযানের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক কুমার লাহিড়ী। বুধবার দুপুরে ত্রিমোহনী এলাকায় প্রখর রোদ উপেক্ষা করেই তিনি গ্রামের প্রতিটি বাড়িতে যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মূলত সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা যাচাই করাই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
পরিদর্শনকালে গ্রামবাসীরা তাঁদের বার্ধক্য ভাতা, পানীয় জল এবং রাস্তাঘাট সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা বিধায়ককে সবিস্তারে জানান। ডঃ লাহিড়ী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং এলাকার পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ তথা বিধায়ককে হাতের নাগালে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। তাঁর এই সাদামাটা মেজাজে জনসংযোগ কর্মসূচি ওই এলাকায় যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছে। রাজনৈতিক মহলের মতে, সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এই উদ্যোগ আগামী দিনে জনভিত্তি আরও মজবুত করতে সহায়ক হবে।