পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বাদ ৬৩ লক্ষ নাম, ভাগ্য ঝুলে আরও ৬০ লক্ষ ভোটারের

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পর্যাপ্ত নথি না থাকায় প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম অযোগ্য হিসেবে বাদ পড়েছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জনের নাম। নির্বাচন কমিশনের এই যাচাইকরণ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় প্রশাসনিক স্তরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
অন্যদিকে, প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও অনিশ্চিত। এর মধ্যে ৩০ লক্ষ ভোটারের তথ্য ‘টু বি রিভিউড’ পর্যায়ে রয়েছে এবং ২০ লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। এছাড়া, জেলাশাসকদের ভেরিফিকেশন ও শুনানিতে অনুপস্থিতির কারণে আরও কয়েক লক্ষ নাম ঝুলে আছে। এমনকি ভেরিফিকেশনের জন্য ভিন রাজ্যে পাঠানো ১ লক্ষ ভোটারের নথিও এখনও ফেরত আসেনি।
আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে এসআইআর-এর সময়সীমা বাড়ানো হতে পারে বলে সিইও দফতর সূত্রে খবর। তবে সময় বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিকূলতা কাটিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করাই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।