বেঙ্গালুরুতে স্বর্ণালঙ্কার লুট করতে বৃদ্ধাকে নৃশংসভাবে গলা কেটে খুন, গ্রেফতার অভিযুক্ত

বেঙ্গালুরু সংলগ্ন নেলমঙ্গলার পিট স্ট্রিটে গত মঙ্গলবার এক বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত শিবকুমার নামক এক দোকানদার ঋণের বোঝা কমাতে ৬০ বছর বয়সি শোভা নামের ওই বৃদ্ধার বাড়িতে জল পানের অছিলায় ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। সে সময় বৃদ্ধার পক্ষাঘাতগ্রস্ত স্বামী অসহায়ভাবে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও শারীরিক অক্ষমতার কারণে বাধা দিতে পারেননি।
পুলিশ জানিয়েছে, বাজার থেকে ফেরার পথে বৃদ্ধার গয়না দেখে তাঁকে লক্ষ্য করে অভিযুক্ত। খুনের পর নিহতের সমস্ত অলঙ্কার নিয়ে সে পালিয়ে যায়। পরে বিকেলের দিকে ফিজিওথেরাপিস্ট বাড়িতে এসে রক্তাক্ত দেহটি দেখতে পেলে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও স্কুটারের রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করে।
জেরায় ৩৫ বছর বয়সি শিবকুমার স্বীকার করেছে যে, বাজারে তার প্রায় ৮ লক্ষ টাকার দেনা ছিল। সেই টাকা শোধ করার উদ্দেশ্যেই সে একা থাকা বৃদ্ধাদের টার্গেট করে এই চুরির পরিকল্পনা করেছিল। পুলিশ তার কাছ থেকে খুনে ব্যবহৃত অস্ত্র, মোবাইল ফোন এবং একটি স্কুটার উদ্ধার করেছে। বর্তমানে ধৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।