সিন্ডিকেট রুখতে তারেকের হুঙ্কার বনাম মন্ত্রীর ‘বোঝাপড়া’ তত্ত্বে তোলপাড় বাংলাদেশ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণেই তারেক রহমান দেশ থেকে সিন্ডিকেট রাজ নির্মূলের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে শপথ নেওয়ার মাত্র দুই দিনের মাথায় উল্টো সুর শোনা গেল তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের গলায়। দেশের পরিবহন খাতে জেঁকে বসা কোটি কোটি টাকার চাঁদাবাজিকে তিনি স্রেফ ‘মালিকদের বোঝাপড়া’ বলে অভিহিত করেছেন।
মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে তীব্র সমালোচনা ও তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, এই তথাকথিত ‘বোঝাপড়া’র কারণেই হু হু করে বাড়ছে যাতায়াত ভাড়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর তথ্যমতে, এই খাত থেকে বছরে হাজার কোটি টাকা চাঁদা তোলা হয়। বিগত আওয়ামী শাসনামলে এই সিন্ডিকেট দলীয় নেতাদের দখলে থাকলেও ৫ আগস্টের পর তা বিএনপির নিয়ন্ত্রণে চলে যায় বলে অভিযোগ রয়েছে। খোদ তারেক রহমান যেখানে সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে তাঁরই মন্ত্রীর এমন সাফাইয়ে জনমনে প্রশ্ন উঠেছে—তবে কি দলীয় নেতাদের স্বার্থ রক্ষার্থেই চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে?