কবে দেশে ফিরবেন বিজয় মালিয়া? শেষমেশ মুখ খুলে বম্বে হাইকোর্টে যা জানালেন পলাতক শিল্পপতি

কবে দেশে ফিরবেন বিজয় মালিয়া? শেষমেশ মুখ খুলে বম্বে হাইকোর্টে যা জানালেন পলাতক শিল্পপতি

মুম্বই: দীর্ঘদিন ধরে বিদেশে গা ঢাকা দিয়ে থাকা কিংফিশার কর্তা বিজয় মালিয়ার ভারতে ফেরা নিয়ে এবার বড়সড় আপডেট সামনে এল। বম্বে হাইকোর্টে চলা একটি মামলার শুনানিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই বিতর্কিত শিল্পপতি। তবে তাঁর বয়ানে আদৌ ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সন্তুষ্ট হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

পাসপোর্ট নেই, ফেরার পথও কি বন্ধ?

আদালতে বিজয় মালিয়া জানিয়েছেন, এই মুহূর্তে ভারতে ফেরার কোনো নির্দিষ্ট সময়সীমা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। এর সপক্ষে তিনি বেশ কিছু আইনি জটিলতার কথা তুলে ধরেন। মালিয়ার দাবি, তাঁর ভারতীয় পাসপোর্ট অনেক আগেই বাতিল করা হয়েছে। এছাড়া ইংল্যান্ড এবং ওয়েলসের আদালতের পক্ষ থেকেও তাঁর গতিবিধির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে বিদেশের মাটি ছেড়ে তাঁর পক্ষে এই মুহূর্তে ভারতে আসা প্রযুক্তিগতভাবে আসাম্ভব বলেই তিনি সওয়াল করেছেন।

হাইকোর্টের কড়া প্রশ্ন

এদিন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম আঙ্খড়ের ডিভিশন বেঞ্চ মালিয়ার আইনজীবীর কাছে সরাসরি জানতে চায়, অভিযুক্ত শিল্পপতি আদৌ কোনোদিন দেশে ফিরতে চান কি না। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তাঁকে ইতিমধ্যেই ‘ফেরার অর্থনৈতিক অপরাধী’ হিসেবে ঘোষণা করেছে। এই তকমা এবং তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া। কিন্তু তাঁর ফেরার কোনো নিশ্চয়তা না পাওয়ায় মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

আইনি প্যাঁচে মালিয়া

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের কয়েক হাজার কোটি টাকা ঋণখেলাপির দায়ে অভিযুক্ত মালিয়া ২০১৬ সাল থেকে লন্ডনে রয়েছেন। ভারত সরকার তাঁকে প্রত্যর্পণের জন্য দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। তবে পাসপোর্ট বাতিল হওয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বিচারপ্রক্রিয়া আরও দীর্ঘায়িত করতে চাইছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বম্বে হাইকোর্টে তাঁর এই মন্তব্য প্রত্যর্পণ প্রক্রিয়ায় নতুন কোনো মাত্রা যোগ করে কি না, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *