বিজেপি নেতার দাদাগিরি! বেল্ট দিয়ে মারধর তিন নাবালককে

বিজেপি নেতার দাদাগিরি! বেল্ট দিয়ে মারধর তিন নাবালককে

উত্তরবঙ্গের ডালখোলা শহরের ১০ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে এক শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা অর্জুন সরকারের একটি বাইকের শোরুম রয়েছে। সেই শোরুমের সামনে তিন নাবালককে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় তাঁর। অভিযোগ, কোনো কিছু বিচার না করেই ওই তিন নাবালককে চুরির অপবাদে পাকড়াও করেন তিনি। এরপরই শুরু হয় মধ্যযুগীয় বর্বরতা। মাঝরাস্তায় ফেলে নিজের কোমরের বেল্ট দিয়ে ওই তিনজনকে একের পর এক আঘাত করতে থাকেন তিনি।

মারধরের সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলেও উন্মত্ত ওই বিজেপি নেতা কারও কথা শোনেননি বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

তল্লাশিতে মেলেনি কিছুই অবশেষে ভুল স্বীকার নেতার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। পুলিশ এসে ওই তিন নাবালককে উদ্ধার করে তাদের দেহে তল্লাশি চালায়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে চুরির কোনো প্রমাণ বা সন্দেহজনক কিছু মেলেনি। এরপরই সুর নরম করেন বিজেপি নেতা অর্জুন সরকার। পুলিশের সামনেই তিনি স্বীকার করেন যে, নিছক সন্দেহের বশেই তিনি নাবালকদের ওপর হাত তুলেছেন এবং এটি তাঁর ভুল ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন নাবালকরা তদন্তে পুলিশ

পুলিশ ওই তিন নাবালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে আক্রান্ত নাবালকরা ওই এলাকার বাসিন্দা কি না, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে আইন নিজের হাতে তুলে নিলেন, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *