জন্মদিনেই শ্রীঘরে ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু, নেপথ্যে এপস্টিন কেলেঙ্কারি?

জন্মদিনেই শ্রীঘরে ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু, নেপথ্যে এপস্টিন কেলেঙ্কারি?

যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে ৬৬তম জন্মদিনেই গ্রেফতার হলেন ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু। বৃহস্পতিবার সকালে সান্ড্রিংহাম প্রাসাদ থেকে টেম্‌স ভ্যালি পুলিশ তাঁকে হেফাজতে নেয়। সরকারি পদে থেকে অসদুপায় অবলম্বন এবং জেফ্রি এপস্টিন মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তদন্তকারী সূত্রের খবর।

দীর্ঘদিন ধরেই বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জেফ্রি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর ঘনিষ্ঠতার বিষয়টি চর্চায় ছিল। সাম্প্রতিক ‘এপস্টিন ফাইলস’-এ তাঁর নাম আসায় এবং কিছু আপত্তিকর ছবি প্রকাশ্যে আসায় চাপ আরও বাড়ে। এর আগে ভার্জিনিয়া জিওফ্রে নামের এক নারীও তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ তুলে মামলা করেছিলেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় সন্তান অ্যান্ড্রু বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে এই গ্রেফতারির বিষয়ে ব্রিটেন পুলিশ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বর্তমানে আন্তর্জাতিক মহলে এপস্টিন কেচ্ছা ও যুবরাজের সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *