ধর্ষণ মামলায় অভিযুক্তের হাসপাতাল উদ্বোধনে শমীক, দুর্গাপুরে তুঙ্গে রাজনৈতিক তরজা

দুর্গাপুরের কাঁকসায় এক বিতর্কিত বিজেপি কর্মীর বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী হিরণ্ময় দাসের বিরুদ্ধে অতীতে দিল্লিতে ধর্ষণ এবং সরকারি জমি দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছিল, যার জেরে তিনি তিহাড় জেলেও বন্দি ছিলেন। বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনায় বিজেপির অস্বস্তি বাড়ায় সরব হয়েছে বিরোধী শিবির।
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির ‘আসল সংস্কৃতি’ বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, কয়লা মাফিয়া থেকে শুরু করে ধর্ষণ মামলায় অভিযুক্ত—বির্তকিত ব্যক্তিদের সঙ্গেই বারবার গেরুয়া শিবিরের ঘনিষ্ঠতা প্রকাশ পাচ্ছে। জেলা তৃণমূল নেতৃত্বের মতে, এই ধরনের কর্মসূচি জনমানসে নেতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনের আগেও এই জেলায় অনুরূপ বিতর্ক দানা বেঁধেছিল।
বির্তকের মুখে শমীক ভট্টাচার্য জানান, দেশে আইনের শাসন রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি নিজেই আইনি প্রশ্নের উত্তর দেবেন। অন্যদিকে, হিরণ্ময় দাসের দাবি, তাকে ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো হয়েছিল এবং আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছে। তবে রাজনৈতিক মহলের মতে, অভিযুক্তের মঞ্চে শীর্ষ নেতাদের উপস্থিতি ২০২৬ নির্বাচনের আগে শাসকদলকে বাড়তি হাতিয়ার তুলে দিল।