টয়লেটে ধূমপান করলেই স্বচ্ছ হবে দরজা, চিনে অভিনব স্মোক ডিটেক্টর প্রযুক্তি

চিনের শেনজেন শহরের দুটি জনপ্রিয় শপিং মলে ধূমপান রুখতে চালু হয়েছে এক বিশেষ স্মোক ডিটেক্টর প্রযুক্তি। শুইবেই ইন্টারন্যাশনাল সেন্টার ও জিনজুও বিল্ডিংয়ের শৌচাগারে এই ব্যবস্থা করা হয়েছে। সাধারণত এই শৌচাগারের দরজাগুলো অস্বচ্ছ থাকলেও, ভেতরে কেউ ধূমপান করলে সেন্সরের মাধ্যমে ধোঁয়া শনাক্ত হওয়া মাত্রই কাঁচ স্বচ্ছ হয়ে যায়। এর ফলে ধূমপানরত ব্যক্তিটি বাইরের সবার কাছে দৃশ্যমান হয়ে পড়েন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সতর্কবার্তা বা জরিমানা দিয়ে শৌচাগারে ধূমপান বন্ধ করা যাচ্ছিল না বলেই এই কঠোর পদক্ষেপ। দরজার বাইরে স্পষ্ট নোটিশ টাঙিয়ে দর্শকদের সতর্ক করা হয়েছে যে, অপ্রস্তুত অবস্থায় জনসমক্ষে আসতে না চাইলে তারা যেন ধূমপান থেকে বিরত থাকেন। গত আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালুর পর দোকানদার ও ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার খাতিরে এতে রিসেট বাটনের সুবিধাও রাখা হয়েছে, যাতে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হলে তা দ্রুত ঠিক করা যায়। তবে স্থানীয় আইনজীবীরা সতর্ক করেছেন যে, যান্ত্রিক বিভ্রাটে কারও অধিকার লঙ্ঘিত হলে মল কর্তৃপক্ষ আইনি জটিলতায় পড়তে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই অভিনব ও লজ্জাজনক শাস্তির পদ্ধতি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।