এসআইআর অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর (SIR) সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য জেলাশাসকদের কঠোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। জেলাগুলিতে জমা পড়া আপত্তিগুলো ঝুলিয়ে না রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মাইক্রো রোল অবজার্ভারদের রিপোর্ট এবং ইআরও (ERO) ও এআরও (AERO)-দের নথিপত্র নিয়ে ওঠা প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কোনো অভিযোগ বাতিল করলে তার কারণ অনধিক ৫০০ শব্দের মধ্যে লিখিতভাবে জানানো বাধ্যতামূলক করেছে কমিশন।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন স্পষ্ট করেছে যে, অভিযোগ গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে যুক্তি থাকা জরুরি। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, মাইক্রো অবজার্ভারদের কাজ শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা; চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো সংবিধিবদ্ধ ক্ষমতা তাঁদের নেই। মূলত প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজের নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনে তিনি রোল অবজার্ভার মুরুগানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনার প্রেক্ষিতে কমিশন তড়িঘড়ি মুরুগানের কাছে লিখিত ব্যাখ্যা তলব করেছে। নির্বাচন কমিশনের আশা, দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্তের মাধ্যমে এসআইআর সংক্রান্ত বিভ্রান্তি দূর হবে এবং ভোটার তালিকা সংশোধনের কাজ আরও গতিশীল ও ত্রুটিমুক্ত হবে।