স্তন ক্যানসার শনাক্তকরণে যুগান্তকারী সাফল্য, স্ক্রিনিংয়ে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা

স্তন ক্যানসার শনাক্তকরণে যুগান্তকারী সাফল্য, স্ক্রিনিংয়ে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা

স্তন ক্যানসার শনাক্তকরণে ম্যামোগ্রাম পরীক্ষার আরও উন্নত সংস্করণ নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। চিকিৎসা বিজ্ঞানের এই নতুন উদ্ভাবনে সাধারণ এক্স-রে যন্ত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ‘দ্য ল্যানসেট’ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ‘মাসাই ট্রায়াল’ গবেষণায় দেখা গেছে, ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির এই পদ্ধতিটি ৪০ বছরের বেশি বয়সী লক্ষাধিক মহিলার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পেয়েছে। ২০২১ সাল থেকে চলা এই পরীক্ষায় দেখা গেছে, প্রথাগত ম্যামোগ্রামের তুলনায় এআই প্রযুক্তির মাধ্যমে ক্যানসার শনাক্তকরণের হার অনেক বেশি নির্ভুল।

এই উন্নত প্রক্রিয়ায় প্রথমে স্তনের এক্স-রে স্ক্রিনিং করা হয় এবং পরবর্তীতে সেই রিপোর্টগুলো এআই অ্যালগরিদমে বিশ্লেষণ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সফটওয়্যারটি সুস্থ কোষ ও ক্যানসার কোষের মধ্যে পার্থক্য দ্রুত নির্ণয় করতে সক্ষম। এমনকি ১.৪ মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র টিউমার শনাক্ত করে এটি আগাম বিপদের সংকেত বা ‘রিস্ক স্কোর’ প্রদান করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে গবেষকরা কোষের অনিয়মিত বিভাজন বা ভবিষ্যতে ক্যানসার সৃষ্টির সম্ভাবনা সম্পর্কেও সঠিক ধারণা দিতে সক্ষম হয়েছেন।

গবেষকদের দাবি, এই নতুন পদ্ধতিতে প্রায় ৮১ শতাংশ ক্ষেত্রে ক্যানসার একেবারে প্রাথমিক স্তরেই ধরা পড়ছে। বিশেষ করে যাদের পরিবারে ক্যানসারের ইতিহাস রয়েছে, তাদের ঝুঁকি নিরূপণে এই পরীক্ষা অত্যন্ত কার্যকর। চিকিৎসকদের মতে, ক্যানসার যদি একদম শুরুতে ধরা পড়ে, তবে তা নিরাময় করা সম্ভব। স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল, যা ভবিষ্যতে মারণ রোগ প্রতিরোধের প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *