জামাই শাদাবকে ধমক দিয়ে চুপ করাল পিসিবি, শ্বশুর সাকলাইনের ক্ষোভে উত্তাল পাক ক্রিকেট

পাকিস্তানের ক্রিকেটে এবার শ্বশুর-জামাইয়ের লড়াই তুঙ্গে। নামিবিয়া ম্যাচে জয়ের পর প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বড় বিপাকে পড়েছেন অলরাউন্ডার শাদাব খান। শাদাবের সেই মন্তব্যে শুধু ক্রিকেট বোর্ড নয়, খোদ তাঁর শ্বশুর তথা কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাকও চরম অসন্তোষ প্রকাশ করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরাসরি শাদাবকে ধমক দিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হারের পর থেকে সমালোচনার ঝড় বইছে। নামিবিয়াকে হারানোর পর শাদাব খান প্রাক্তনদের বিঁধে বলেছিলেন, “প্রাক্তন ক্রিকেটাররা অনেক বড় বড় কথা বলেন, অথচ তাঁরা কখনও ভারতকে হারাতে পারেননি। আমরা অন্তত একবার হারিয়েছি।” এই মন্তব্যই কাল হয়েছে তাঁর জন্য। সাকলাইন মুস্তাক জামাইয়ের ওপর ক্ষোভ উগরে দিয়ে জানান, এই ধরনের কথা অত্যন্ত অপমানজনক। তিনি মনে করিয়ে দেন যে, তাঁরা আইসিসি ট্রফি না জিতলেও পাকিস্তানকে বহু ঐতিহাসিক ম্যাচ জিতিয়েছেন।
সাকলাইনের পাশাপাশি সরব হয়েছেন শাহিদ আফ্রিদিও। তিনি শাদাবকে মনে করিয়ে দিয়েছেন, খারাপ ফর্মের সময় এই প্রাক্তনরাই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আফ্রিদির কথায়, “শাদাব আমার সন্তানের মতো, কিন্তু ওর বোঝা উচিত কীভাবে সম্মান দিতে হয়। একটা জয় পেলেই সব হয়ে যায় না।” কামরান আকমলও শাদাবের এই আচরণকে ঔদ্ধত্য হিসেবেই দেখছেন।
পিসিবি সূত্রে খবর, টিম ম্যানেজার নাভেদ চিমার মাধ্যমে শাদাবকে কড়া বার্তা পাঠানো হয়েছে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, প্রাক্তনদের অবদান অস্বীকার করার জায়গা নেই এবং ভবিষ্যতে এমন আলটপকা মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শ্বশুর সাকলাইনের আপত্তির পর বোর্ড যেভাবে জামাই শাদাবকে ‘চুপ’ করিয়ে দিল, তা নিয়ে এখন সরগরম ক্রিকেট দুনিয়া।