বাবরের নামে মসজিদ নির্মাণে বাধা নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে কপাল পুড়ল মামলাকারীর

বাবরের নামে মসজিদ নির্মাণে বাধা নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে কপাল পুড়ল মামলাকারীর

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ কি মাঝপথেই থমকে যাবে? মোগল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য তৈরি করা যাবে না— এই মর্মে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনতে আজ সাফ অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত আবেদন গ্রহণ না করায় শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হন আবেদনকারীর আইনজীবী।

তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। গত ৬ ডিসেম্বর লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই প্রকল্পের কাজ শুরু হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। মামলাকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বাবরের নামে কোনো ধর্মীয় পরিকাঠামো নির্মাণে স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু শীর্ষ আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের দিকে টানতেই হুমায়ুন কবীর এই কৌশলী পদক্ষেপ নিয়েছেন। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই আবহেই সুপ্রিম কোর্টের এই অবস্থান হুমায়ুন শিবিরের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। আপাতত বেলডাঙায় প্রস্তাবিত এই স্থাপত্যের কাজে আইনি কোনো বাধা রইল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *