দ্য হান্ড্রেড: ভারতীয় মালিকানাধীন দলগুলোয় ব্রাত্য হওয়ার শঙ্কায় ৬৩ পাক ক্রিকেটার

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ‘দ্য হান্ড্রেড’-এ পাকিস্তানি ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিগের আটটি দলের মধ্যে চারটির মালিকানা এখন ভারতীয় ব্যবসায়ীদের হাতে থাকায় বাবর আজম ও শাহিন আফ্রিদিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমেছে। আইপিএল মালিকানাধীন দলগুলো সাধারণত পাকিস্তানি খেলোয়াড়দের নিতে অনাগ্রহী হওয়ায় এই আশঙ্কা প্রবল হচ্ছে।
নিলামের জন্য ইতিমধ্যে পাকিস্তানের ৬৩ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলছেন, সেখানেও ভারতীয় মালিকানাধীন ছয়টি দলের কোনোটিতেই পাকিস্তানি ক্রিকেটার নেই। ফলে ইংল্যান্ডের এই মেগা টুর্নামেন্টেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা রয়েছে, যা পাকিস্তানি ক্রিকেটারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি অঙ্গনে আরও কোণঠাসা করবে।
যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে যে কোনো দেশের ক্রিকেটারের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই, তবুও দল গঠনের পূর্ণ স্বাধীনতা ফ্র্যাঞ্চাইজি মালিকদের হাতেই থাকছে। বৈষম্যহীন লিগ আয়োজনের প্রতিশ্রুতি দিলেও বাস্তব প্রেক্ষাপট ভিন্ন। টম মোফাটসহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সকল ক্রিকেটারের জন্য সমান সুযোগের দাবি জানিয়েছেন, তবে ভারতীয় বিনিয়োগকারীদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে উদ্বেগ কাটছে না।