প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাবড়ায় স্কুলছাত্রের মর্মান্তিক পরিণতি

উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো একাদশ শ্রেণির এক ছাত্র। মৃত কিশোরের নাম জিৎ দাস (১৭)। বৃহস্পতিবার রাতে দক্ষিণ হাবড়ার বাণীপুর আমবাগান এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ হাবরা হাই স্কুলের ছাত্র জিতের সঙ্গে গত দেড় বছর ধরে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার পরীক্ষার পর এক ক্যাফেতে বন্ধুদের সামনেই তাদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। সেখানে প্রেমিকা সম্পর্ক ছিন্ন করার কথা জানালে মানসিকভাবে ভেঙে পড়ে জিৎ। এরপর বাড়িতে একা থাকা অবস্থায় সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা লিখে সে চরম পথ বেছে নেয়।
জিতের বাবা আগেই মারা গিয়েছেন এবং মা কাজের সূত্রে বাইরে ছিলেন। জিতের পোস্ট দেখে এক বন্ধু বাড়িতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে নিহতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে।