বকেয়া ডিএ-র ২৫ শতাংশ না মেটানোর অভিযোগ: সুপ্রিম কোর্টে ফের মামলার মুখে রাজ্য সরকার

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতার (ডিএ) অন্তত ২৫ শতাংশ না মেটানোর অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ৩১ মার্চের মধ্যে বকেয়া এক-চতুর্থাংশ পরিশোধে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। ফলে আইনি পথেই অধিকার আদায়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা।
আদালতের গত ৫ ফেব্রুয়ারির নির্দেশ অনুযায়ী, বর্তমান ও ২০১৯ সালের পর অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দ্রুত মেটানোর কথা ছিল। পাশাপাশি বাকি অর্থ পরিশোধের জন্য একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। ১৫ মে-র মধ্যে সম্পূর্ণ বকেয়া মেটানোর সময়সীমা ধার্য থাকলেও সরকারের পক্ষ থেকে কোনও দৃশ্যমান উদ্যোগ না দেখায় ক্ষোভ বাড়ছে কর্মী মহলে।
নির্বাচনী বছরে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও কেন্দ্রীয় হারের তুলনায় রাজ্যের ব্যবধান এখনও ৩৬ শতাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হলে আগামী দিনে প্রশাসনকে বড়সড় আন্দোলনের মুখোমুখি হতে হবে। বর্তমানে সুপ্রিম কোর্টের এই মামলার দিকেই তাকিয়ে আছেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী।