ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ হবে: বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ হবে: বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে হুগলির চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। ভিডিওটিতে তাকে দাবি করতে দেখা গেছে যে, বিহারের মতো বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে এবং অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করে জানিয়েছে, ‘মাছে-ভাতে বাঙালি’ এই সংস্কৃতি বিরোধী পদক্ষেপ মেনে নেবে না এবং নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে। জেলা তৃণমূল নেতৃত্ব একে বাঙালির খাদ্যাভ্যাসের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে।

বিতর্ক বাড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে এবং তিনি কেবল স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে মাংস বিক্রির কথা বলেছিলেন। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে এই ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *