টিকিট, লাইভ স্ট্যাটাস, সব এক ক্লিকে! যাত্রীদের জন্য কেন ‘রেল ওয়ান’ এখন গেমচেঞ্জার?

রেলযাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল চালু করল নতুন অল-ইন-ওয়ান অ্যাপ ‘রেল ওয়ান’। এখন থেকে এক্সপ্রেস ও লোকাল ট্রেনের টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট এবং মাসিক সিজন টিকিটের জন্য আর আলাদা অ্যাপের প্রয়োজন হবে না। এই একটি প্ল্যাটফর্ম থেকেই তৎকাল টিকিট বুকিং, লাইভ ট্রেন স্ট্যাটাস দেখা এবং পিএনআর ট্র্যাকিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অনায়াসেই করা যাবে। রেলের দাবি, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।
যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি এই অ্যাপে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ‘রেল মদত’ বিকল্পের মাধ্যমে যাত্রীরা চলন্ত ট্রেনে চিকিৎসাগত সহায়তা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন। এছাড়া ই-ক্যাটারিং পরিষেবার মাধ্যমে সিটে বসেই খাবার অর্ডার দেওয়ার সুবিধাও থাকছে। ট্রেনের কামরা কোন প্ল্যাটফর্মের কোথায় থামবে, সেই নিখুঁত তথ্যও এই অ্যাপের মাধ্যমে আগেভাগে জানতে পারবেন যাত্রীরা।
ব্যবহারকারীদের জন্য ‘রেল ওয়ান’ অ্যাপটি অত্যন্ত সহজবোধ্য করা হয়েছে। আইআরসিটিসি বা ইউটিএস-এর পুরনো আইডি ব্যবহার করেই এখানে লগ-ইন করা যাবে। সুরক্ষার জন্য থাকছে ৬ অঙ্কের এমপিন ও বায়োমেট্রিক ফেস আইডি ব্যবস্থা। এছাড়া অ্যাপের নিজস্ব ওয়ালেটের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটলে যাত্রীরা ৩ শতাংশ ছাড় বা ক্যাশব্যাক পাবেন। সামগ্রিকভাবে যাত্রী পরিষেবা ও রেলের ব্যবস্থাপনায় গতি আনতেই এই আধুনিক উদ্যোগ।