যুবসাথী ভাতা: অনলাইনে আবেদনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার

যুবসাথী ভাতা: অনলাইনে আবেদনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার

রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের ভাতার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন থেকে আবেদনকারীরা প্রতিদিন কেবল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অফলাইনে অতিরিক্ত ভিড় এড়াতে গত ১৬ ফেব্রুয়ারি থেকে অনলাইন প্রক্রিয়া শুরু হলেও, সার্ভারের ওপর চাপ নিয়ন্ত্রণ করতেই এই বিশেষ সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

আবেদন করতে ইচ্ছুক ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের https://apas.wb.gov.in পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এর মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড ও ছবি উল্লেখযোগ্য। মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি প্রদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। সফলভাবে ফর্ম জমা পড়ার পর ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোড করে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।

গত ৫ ফেব্রুয়ারি বাজেটে ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্য প্রার্থীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আগামী ১ এপ্রিল থেকে প্রকল্পটি কার্যকর হতে চলেছে এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় আট লক্ষ আবেদন জমা পড়ছে, যা এই প্রকল্পের ব্যাপক জনপ্রিয়তাকে স্পষ্ট করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *