২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কড়া নির্দেশ সিইও-র

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল স্পষ্ট জানান, বকেয়া কাজে আর কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল তালিকা তৈরির কাজ শেষ করতে ডিইও-দের কড়া বার্তা দেওয়া হয়েছে।
বৈঠকে বেশ কিছু জেলার আধিকারিক তথ্য যাচাই বা ‘স্ক্রুটিনি’-র জন্য অতিরিক্ত সময় চাইলেও কমিশন সেই দাবি নাকচ করে দিয়েছে। সিইও দফতর সূত্রে খবর, তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো প্রকার ত্রুটি না রাখতে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও ২৮ ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন সিইও।
অন্যদিকে, এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, প্রতিটি জেলায় তথ্যগত অসঙ্গতি দূর করতে বিচারকদের নিয়োগ করা হবে। বিচার বিভাগীয় এই আধিকারিকদের সহায়তায় মাইক্রো অবজার্ভাররা কাজ করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর অমীমাংসিত অভিযোগগুলোর জন্য পরবর্তীতে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।