২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে সংশয়, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কমিশন

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা থাকলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিলেও এসআইআর (SIR) প্রক্রিয়ার বর্তমান গতিপ্রকৃতি নিয়ে দোটানায় রয়েছে নির্বাচন কমিশন।
বৈঠকে অনেক জেলাশাসক জানিয়েছেন, ভোটার তথ্যের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরও অন্তত ৪-৫ দিন সময়ের প্রয়োজন। নথিপত্র যাচাই ও আপলোড করার ক্ষেত্রে কারিগরি সমস্যা থাকায় ‘ডকুমেন্টস টু বি রিভিউড’-এর সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার তথ্য যাচাইয়ের শেষ দিন হওয়ায়, তার আগে সমস্ত কাজ সম্পন্ন করা জেলা প্রশাসনের কাছে এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাচাইকৃত নামের ভিত্তিতেই ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে। নথিপত্রের অসংগতি বা আসাম্পূর্ণ কাজের জন্য পরবর্তী ধাপে অতিরিক্ত তালিকা বা সংশোধনের সুযোগ রাখা হবে। আপাতত নির্ধারিত দিনেই তালিকা প্রকাশের লক্ষ্যে বিকল্প পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছে কমিশন।