প্রতিকুর রহমানের দলত্যাগ: ‘সন্তান হারানোর মতো বেদনাদায়ক’, মন্তব্য মহম্মদ সেলিমের
.jpeg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
সিপিএমের রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমানকে নিয়ে দলে তৈরি হওয়া অস্বস্তি অবশেষে প্রকাশ্যে এল। সাংবাদিক বৈঠকে দলীয় অবস্থান স্পষ্ট করতে গিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কিছুটা বিরক্ত হয়েই জানান, তিনি কোনো বিচারক নন যে তৎক্ষণাৎ রায় দেবেন। তবে প্রতিকুরের চলে যাওয়াকে ‘সন্তান হারানোর’ যন্ত্রণার সঙ্গে তুলনা করলেও তিনি স্পষ্ট করে দেন যে, আবেগের চেয়ে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিই সংগঠনের কাছে চূড়ান্ত।
দলের অন্দরে প্রতিকুরের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখতে ইতিপূর্বেই একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছিল। সেলিম জানান, তিনি ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করলেও পরবর্তীতে প্রতিকুরের সঙ্গে দলের টানাপড়েন বাড়ে। এমনকি প্রতিকুর অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও খবর মিলেছে। উল্লেখ্য, শীর্ষ নেতৃত্বের কাজকর্মে ক্ষোভ উগরে দিয়ে প্রতিকুর ইতিমধ্যেই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন।
তরুণ এই নেতার ইস্তফাপত্র তৃণমূল নেতা কুণাল ঘোষের মাধ্যমে প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিকুর নিজেও তাঁর ব্যক্তিগত চিঠি ফাঁসের ঘটনায় দলের একাংশের ওপর ক্ষুব্ধ। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও সেলিম জানিয়েছেন, দল দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে বাম শিবিরের অন্দরে তৈরি হওয়া ফাটল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।