ক্ষমতায় এলে বাংলায় বন্ধ হবে মাছ-মাংস! বিজেপি নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক

বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই মাছ-মাংস বন্ধের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন হুগলির চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে দাবি করতে শোনা গেছে যে, বিজেপি ক্ষমতায় এলে বিহারের মতো বাংলাতেও মাছ-মাংস খাওয়া বন্ধ হতে পারে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইনের মতে, ‘মাছে-ভাতে বাঙালি’র খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করার ফল বিজেপি আসন্ন নির্বাচনেই হাড়েনহাড়ে টের পাবে। তিনি অভিযোগ করেন, বিজেপি নেতার এই বক্তব্য বাংলার সংস্কৃতি ও জনজীবনের ওপর সরাসরি আঘাত। তৃণমূলের দাবি, বিজেপি জনমানসে বিভ্রান্তি ও ভীতি ছড়ানোর চেষ্টা করছে।
পাল্টা দাবিতে বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি মাছ-মাংস বন্ধের কথা বলেননি, বরং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্দিষ্ট ও স্বাস্থ্যকর পরিবেশে তা বিক্রির পরামর্শ দিয়েছিলেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা লুটতে বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করছে। ভিডিওটির সত্যতা অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।