বিজেপির টিকিট দৌড়ে দিলীপ ঘোষের স্ত্রী! রিঙ্কু মজুমদারের পছন্দের তালিকায় রয়েছে কোন তিন আসন

বিজেপির প্রার্থী তালিকায় এবার কি দেখা যাবে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারকে? মেদিনীপুর, বীজপুর এবং নিউটাউন—এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্য়েই দলের কাছে বায়োডাটা জমা দিয়েছেন তিনি। একুশের নির্বাচনের আগে থেকেই নিজের বেড়ে ওঠার জায়গা বীজপুর তাঁর বিশেষ পছন্দের তালিকায় ছিল। তবে মেদিনীপুরের সঙ্গে গড়ে ওঠা আত্মিক যোগসূত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে জেতার লক্ষ্যেই ময়দানে নামতে চাইছেন তিনি।
নিজের প্রার্থিপদ পাওয়ার বিষয়ে অবশ্য এখনই নিশ্চিত নন রিঙ্কু মজুমদার। বর্তমানে টিকিট পাওয়ার ক্ষেত্রে ৫০-৫০ সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন। তবে স্রেফ লড়াই করার জন্য নয়, বরং জনসেবায় সরাসরি যুক্ত হতেই তিনি দলের কাছে এই আবেদন জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, গুরুত্বপূর্ণ এই তিন আসনের মধ্যে শেষ পর্যন্ত দল তাঁকে কোথায় টিকিট দেয় অথবা আদৌ প্রার্থী করে কি না, তা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।