বড়ঞায় নিখোঁজ কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

বড়ঞায় নিখোঁজ কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

মুর্শিদাবাদের বড়ঞা থানার মান্থারা গ্রামে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের নাম বিষ্ণু ভল্লা (১৭)। সে নারায়ণপুরের বাসিন্দা হলেও মান্থারা গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। শুক্রবার ভোরে মামার বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে তার দেহ ঝুলতে দেখা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে সে বাড়ি ফিরেছিল। তবে দিনভর বিমর্ষ থাকার পর সন্ধ্যায় সে আবারও নিখোঁজ হয়ে যায়। স্বজনদের দাবি, প্রতিবেশী গ্রামের এক নাবালিকার সঙ্গে প্রেমঘটিত টানাপড়েনের কারণেই এই মর্মান্তিক পরিণতি। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে ধন্দ কাটছে না।

খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *