গেইল-এ এগ্জিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি: জানুন আবেদনের খুঁটিনাটি

রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল (GAIL) এগ্জিকিউটিভ ট্রেনি পদে ৭০ জন শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এক বছরের সফল প্রশিক্ষণ শেষে নিযুক্তদের ই-২ গ্রেডে উন্নীত করা হবে, যেখানে মাসিক বেতন কাঠামো ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর এবং ২০২৬ সালের ‘গেট’ (GATE) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। গেট পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
যোগ্য প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি সহ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৮ মার্চ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নির্দেশাবলি জানতে গেইল-এর মূল বিজ্ঞপ্তিতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।