ইন্ডিয়ান সুপার লিগ: এসসি দিল্লির বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ইস্টবেঙ্গল

ইন্ডিয়ান সুপার লিগের ২০২৫-২৬ মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টায় স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। ঘরের মাঠে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ফুটবলারদের কড়া সতর্কবার্তা দিয়েছেন কোচ অস্কার ব্রুজ়োঁ। প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ অভিযান শুরু করা মশাল বাহিনীকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
সাংবাদিক বৈঠকে অস্কার জানান, এসসি দিল্লি মোটেও সহজ প্রতিপক্ষ নয়। প্রতিপক্ষের কোচ বল দখল এবং নিচ থেকে আক্রমণ গড়ে তোলায় বিশ্বাসী। দলে একঝাঁক তরুণ ফুটবলার থাকায় তারা পয়েন্ট পেতে মরিয়া থাকবে। কোচের মতে, টুর্নামেন্টের মেয়াদ সংক্ষিপ্ত হওয়ায় এখানে ভুলের কোনও ক্ষমা নেই। সামান্য ত্রুটির জন্য বড় খেসারত দিতে হতে পারে বলে তিনি দলকে সতর্ক করেছেন।
গত ম্যাচে স্প্যানিশ ফরোয়ার্ড ইউসুফ ইজেজারির জোড়া গোল এবং মিগুয়েল ফেরেইরার লক্ষ্যভেদে দাপুটে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। কোচ বর্তমানে একটি করে ম্যাচ ধরে এগোতে চান। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আজও ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদী। এখন দেখার, ইজেজারিরা গত ম্যাচের সেই বিধ্বংসী মেজাজ আজ দিল্লির বিরুদ্ধেও ধরে রাখতে পারেন কি না।