ভোটের আগে লজিক্যাল ডিসক্রেপেন্সি নিয়ে বড় পদক্ষেপ, সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার হাইকোর্টে জরুরি বৈঠক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ দূর করতে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর এই জটিলতা কাটাতে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি, মুখ্যসচিব ও অতিরিক্ত সলিসিটর জেনারেল। হাইকোর্ট নিযুক্ত অফিসাররা নতুন করে বিতর্কিত ভোটারদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও যাদের তথ্য নিয়ে সংশয় রয়েছে, তাদের ভাগ্য নির্ধারিত হবে আদালতের এই বিশেষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে যে মূল ভোটার তালিকা প্রকাশের পর একটি পৃথক অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। তবে বহু আবেদন এখনও পর্যালোচনার অপেক্ষায় থাকায় এবং নথি যাচাইয়ে সময় সাপেক্ষ জটিলতা তৈরি হওয়ায় এই প্রক্রিয়া নিয়ে কিছুটা ধন্দ রয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন যে কমিশন নির্ধারিত দিনে তালিকা প্রকাশে প্রস্তুত থাকলেও অতিরিক্ত তালিকার ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের নির্দেশিত বিচারিক গতির ওপর। ভোট ঘোষণার আগে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই সংশ্লিষ্ট ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।