এআই শিল্পে রিলায়েন্সের ১০ লক্ষ কোটির বিনিয়োগ, ডিজিটাল বিপ্লবের লক্ষ্যে মুকেশ আম্বানি

‘এআই ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ৭ বছরে জিও এবং রিলায়েন্স যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্ষেত্রে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। ভারতকে একবিংশ শতাব্দীর বৈশ্বিক এআই মহশক্তিতে রূপান্তর করাই এই বিশাল বিনিয়োগের মূল লক্ষ্য।
আম্বানি তাঁর বক্তব্যে ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল শক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে এই বিপ্লবের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানান, বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম মোবাইল ডেটা ব্যবহারকারী দেশ এবং এখানে ডেটার খরচ সর্বনিম্ন। ভারতের ১০০টিরও বেশি ইউনিকর্ন এবং শক্তিশালী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এআই প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে।
এই উদ্যোগের মাধ্যমে এআই কম্পিউটিংয়ের উচ্চ ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন আম্বানি। তিনি স্পষ্ট করেছেন যে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ভাড়ায়’ নেবে না, বরং দেশীয় প্রযুক্তিতেই এর বিকাশ ঘটাবে। জিও-র ৫০০ মিলিয়নের বেশি গ্রাহক ভিত্তিকে কাজে লাগিয়ে ব্রডব্যান্ড ও ৫জি-র মতো এআই প্রযুক্তির খরচও সাধারণের নাগালের মধ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।