রাজ্যে ভোটার তালিকা সংশোধনে বিচারবিভাগীয় হস্তক্ষেপের নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে ‘পারস্পরিক অবিশ্বাসের’ বাতাবরণ দেখে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এখন থেকে তথ্যগত অসঙ্গতি ও অমীমাংসিত দাবিগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত জেলা বিচারকেরা। ইআরও-দের পরিবর্তে বিচারবিভাগীয় আধিকারিকদের এই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শীর্ষ আদালত স্পষ্ট করেছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর-এর কাজ শেষ করা জরুরি। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কর্মরত ও অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভার এবং রাজ্য সরকারের আধিকারিকেরা তাঁদের সহায়তা করবেন। জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে বিচারকদের প্রয়োজনীয় পরিকাঠামোগত সহযোগিতা প্রদানের জন্য।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব ও পুলিশ ডিজির বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপের বার্তা দিয়ে ডিজি-র কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত। আগামী ১০ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে এই বিশেষ নির্দেশ কার্যকর নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট।