শীর্ষ আদালত থেকে ধাক্কা, পাল্টা বিকল্প আইনি পথে গ্লোবাল ট্যারিফ জারি ট্রাম্পের

আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল অঙ্কের আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তে বড় ধাক্কা দিয়েছে। আদালত ৬-৩ ব্যবধানে জানিয়েছে যে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (IEEPA) ব্যবহার করে শুল্ক বসানো আইনি ক্ষমতার অপব্যবহার। এই রায়ের ফলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে অন্য দেশের ওপর ঢালাও কর চাপানোর প্রক্রিয়ায় সাময়িক স্থগিতাদেশ জারি হয়েছে।
আদালতের এই রায়কে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসন দ্রুত বিকল্প পথ বেছে নিয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আইনি জটিলতা এড়াতে এবার ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ‘সেকশন ১২২’ ব্যবহার করা হবে। এর অধীনে ১০ শতাংশ গ্লোবাল ট্যারিফ কার্যকর করতে ট্রাম্প একটি নতুন এগজিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করার ঘোষণা দিয়েছেন, যা আপাতত ১৫০ দিনের জন্য বহাল থাকবে।
প্রশাসনের দাবি, আদালতের নির্দেশে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। IEEPA-র পরিবর্তে সেকশন ২৩২ এবং ৩০১-এর মতো বিকল্প আইনি কর্তৃত্ব ব্যবহার করে শুল্ক আদায় অব্যাহত রাখা হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে ট্রাম্প সরকার আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে এই কঠোর পদক্ষেপগুলো নিতে বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।