২৮ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রকাশ: ডিইও-দের কড়া নির্দেশ সিইও-র

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কাজ শেষ করতে হবে এবং এ বিষয়ে কোনো শিথিলতা বা ‘ছেলেখেলা’ বরদাস্ত করা হবে না। নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরিতে দ্রুত স্ক্রুটিনির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে অনেক জেলা আধিকারিক বিপুল পরিমাণ তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত চার-পাঁচ দিন সময় চাইলেও, কমিশন ২৮ ফেব্রুয়ারির সময়সীমাতেই অনড়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সিইও জানিয়েছেন যে, ওই দিনই তালিকা প্রকাশিত হবে। তবে অসংগতি দূর করতে প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। মূলত ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতেই জেলাস্তরের আধিকারিকদের ওপর এই বিশেষ চাপ সৃষ্টি করা হয়েছে।
অন্যদিকে, এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট প্রতিটি জেলায় বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে। তাঁরা লজিক্যাল ডিসক্রেপ্যান্সি বা তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করবেন। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভার এবং রাজ্য নিযুক্ত আধিকারিকরা এই প্রক্রিয়ায় বিচারকদের সহায়তা করবেন। স্বচ্ছতা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।