ভারত বনাম পাকিস্তান মহারণে কি বয়কট নাটকের জেরেই পকেটে উপচে পড়ল আইসিসি-র টাকা

ভারত বনাম পাকিস্তান মহারণে কি বয়কট নাটকের জেরেই পকেটে উপচে পড়ল আইসিসি-র টাকা

নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে ভারত ও পাকিস্তানের লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মাঠের লড়াইয়ের চেয়েও মাঠের বাইরের ‘বয়কট বয়কট’ নাটক এই ম্যাচটিকে নিয়ে গিয়েছিল এক অন্য উচ্চতায়। আর সেই নাটকের শেষে লাভবান হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। সালমান আলি আঘার দলের ভারত বিরোধিতার সুর শেষ পর্যন্ত ধোপে টেকেনি, কিন্তু সেই বিতর্কের হাত ধরেই তৈরি হয়েছিল এক অভাবনীয় হাইপ, যা ভেঙে চুরমার করে দিয়েছে দর্শকসংখ্যার অতীতের সমস্ত রেকর্ড।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাদের প্রতি ‘সহমর্মিতা’ দেখিয়ে টুর্নামেন্ট খেলা নিয়ে শুরু হয়েছিল পাকিস্তানের টালবাহানা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে নামবে না। এই ঘোষণায় শোরগোল পড়ে যায় বিশ্ব ক্রিকেটে। কারণ, ভারত-পাক ম্যাচ না হওয়া মানে সম্প্রচারকারী সংস্থাগুলোর কোটি কোটি টাকার লোকসান। শেষ পর্যন্ত আইসিসি-র কড়া হুঁশিয়ারি এবং বিশাল আর্থিক জরিমানার ভয়ে নতিস্বীকার করতে বাধ্য হয় পাকিস্তান। লাহোরে ম্যারাথন বৈঠকের পর বরফ গলে এবং নির্ধারিত দিনে কলম্বোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়।

সম্প্রচারকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই ম্যাচের ডিজিটাল রিচ পৌঁছেছে ১৬.৩ কোটিতে, যা আইসিসি টি-টোয়েন্টি ইভেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ২০২৪ সালের তুলনায় এই দর্শকসংখ্যা বেড়েছে ৫৬ শতাংশ। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের রেকর্ডকেও অনায়াসেই টপকে গিয়েছে এই হাইভোল্টেজ ম্যাচ।

কেবল মোবাইল প্ল্যাটফর্মেই নয়, টেলিভিশনের পর্দাতেও রিচ বেড়েছে ২.৪ গুণ। ম্যাচটির মোট ওয়াচটাইম রেকর্ড গড়ে পৌঁছেছে ২০ বিলিয়ন মিনিটে। জিওস্টারের স্পোর্টস সেলস প্রধান অনুপ গোবিন্দন জানিয়েছেন, ম্যাচের আগে তৈরি হওয়া বিতর্ক আদতে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল। এই বিপুল ভিউয়ারশিপই প্রমাণ করে দিল যে, মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের নাটকও ক্রিকেটের বাজারকে কতটা চাঙ্গা করে তুলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *