অভিষেকের হাত ধরছেন প্রতীক-উর, ‘সন্তান হারানোর’ যন্ত্রণায় বিদ্ধ সেলিম

ডায়মন্ড হারবারের লড়াই থেকে এবার সরাসরি ঘাসফুল শিবিরে! বঙ্গ রাজনীতিতে বড়সড় ধামাকা দিয়ে সিপিএমের যুব আইকন প্রতীক-উর রহমান যোগ দিচ্ছেন তৃণমূলে। শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হচ্ছে তাঁর নতুন রাজনৈতিক ইনিংস। আর এই দলবদল ঘিরেই যেন কার্যত ভেঙে পড়েছেন মহম্মদ সেলিম। লড়াকু এই যুবনেতার প্রস্থানকে সরাসরি ‘সন্তান হারানোর’ ব্যথার সঙ্গে তুলনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীক-উর, মিলবে কি বিধানসভার টিকিট?
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল, এবার তা বাস্তবে রূপ নিতে চলেছে। সিপিএমের রাজ্য কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে প্রতীক-উরকে বড় কোনো কেন্দ্রে প্রার্থী করতে পারে শাসকদল। ছাত্র সংগঠন এসএফআই-এর দু’বারের প্রাক্তন সভাপতি এবং লড়াকু মেজাজের জন্য পরিচিত এই বাম নেতা তৃণমূলের জন্য এক বড় প্রাপ্তি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
‘তৃণমূলের নীতি নেই’, তোপ সেলিমের
প্রতীক-উরের দলবদল নিয়ে শুক্রবার রাজ্য কমিটির বৈঠক শেষে মুখ খোলেন মহম্মদ সেলিম। অত্যন্ত আবেগী সুরে তিনি বলেন, বামপন্থীদের নীতি ও আদর্শকে কেনা যায় না, কিন্তু ব্যক্তিবিশেষকে টার্গেট করছে শাসকদল। সেলিমের কথায়, “সিপিএমের তরুণ নেতাদের ব্র্যান্ড ভ্যালু দেখেই তাঁদের টার্গেট করা হচ্ছে। এই ক্ষতি আমাদের কাছে সন্তান হারানোর মতো বেদনাদায়ক।” তবে নাম না নিয়েই তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন, পেশাদার কোনো সংস্থার স্ক্রিপ্টে বামপন্থার যৌবন শেষ করা যাবে না।
কলার খোসা বিতর্ক ও সেলিমের সাফাই
সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়ে সাংবাদিকদের কলার খোসা দেখানোর অভিযোগ উঠেছিল সেলিমের বিরুদ্ধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় ট্রোলিং। শুক্রবার সেই বিতর্ক নিয়ে সাফাই দিয়ে তিনি জানান, তিনি কাউকে আসাম্মান করতে চাননি। বুম সামনে চলে আসায় তিনি কেবল খোসাটি ফেলার জন্য রাস্তা পরিষ্কার করতে বলেছিলেন।
ডায়মন্ড হারবারে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা লড়াকু প্রতীক-উর এখন তাঁরই শিবিরে। ছাব্বিশের ভোটের আগে এই দলবদল লাল দুর্গের অন্দরে কতটা কম্পন ধরায়, এখন সেটাই দেখার।