আইপিএল-এর আগে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন ক্রিকেটার রাহুল চাহার

আইপিএল অভিযান শুরুর প্রাক্কালে ব্যক্তিগত জীবনের কঠিন খবর ভাগ করে নিলেন ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার। স্ত্রী ঈশানী জোহরের সঙ্গে দীর্ঘ ১৫ মাসের আইনি প্রক্রিয়ার পর আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের ৯ মার্চ গোয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পূর্ণ হওয়ার ঠিক আগেই এই বিচ্ছেদের ঘোষণা দিলেন চাহার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল জানিয়েছেন, অত্যন্ত অল্প বয়সে এবং নিজের জীবনবোধ পূর্ণতা পাওয়ার আগেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। গত ১৫ মাস আদালতের শুনানি এবং আইনি জটিলতার মধ্য দিয়ে যাওয়াকে তিনি জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন। এই প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরা এবং মানসিকভাবে শক্তিশালী থাকার নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন বলে তিনি পোস্টে উল্লেখ করেন।
বিচ্ছেদের খেসারত দিতে হলেও ঈশানীর প্রতি কোনো আক্ষেপ বা বিদ্বেষ নেই বলে জানিয়েছেন এই স্পিনার। রাহুলের মতে, কিছু সম্পর্ক চিরস্থায়ী না হলেও সেগুলো মানুষকে নতুন শিক্ষা দেয় এবং জীবনকে বদলে দেয়। ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেছনে ফেলে তিনি এখন আগামীর দিকে মনোনিবেশ করতে চান। জীবনের এই কঠিন অভিজ্ঞতা তাঁকে সত্যের শক্তি চিনতে সাহায্য করেছে বলেও তিনি মন্তব্য করেছেন।