সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা নেই, ট্রাম্পের নয়া ১০% বৈশ্বিক শুল্ক ঘোষণা

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে শুল্ক আরোপের ক্ষমতাকে ‘বেআইনি’ বলে ঘোষণা করলেও তিনি নিজের অবস্থানে অনড়। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে জানায়, কংগ্রেসের অনুমতি ছাড়া জরুরি অবস্থার দোহাই দিয়ে শুল্ক বাড়ানো ক্ষমতার অপব্যবহার। আদালত স্পষ্ট করে দেয় যে, প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত নেওয়ার আইনি এক্তিয়ার নেই।
আদালতের এই ধাক্কা উপেক্ষা করেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ওভাল অফিস থেকে এই চুক্তিতে স্বাক্ষর করা তার জন্য সম্মানের এবং এটি অবিলম্বে কার্যকর হবে। এমনকি প্রয়োজনে ভবিষ্যতে এই শুল্কের হার আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি, যা শীর্ষ আদালতের রায়ের সরাসরি অবমাননা হিসেবে দেখা হচ্ছে।
তবে এই কঠোর শুল্কনীতির মাঝেও ভারতের জন্য স্বস্তির বার্তা দিয়েছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মহান ব্যক্তি’ উল্লেখ করে তিনি জানান, ভারতের সঙ্গে হওয়া বিদ্যমান ন্যায্য বাণিজ্য চুক্তি অপরিবর্তিত থাকবে। অন্যান্য দেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।