দিল্লিতে বেপরোয়া গতির বলি ডেলিভারি রাইডার, গ্রেফতার মদ্যপ ঘাতক চালক

পশ্চিম দিল্লির সুভাষনগর মেট্রো স্টেশনের কাছে শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৫ বছর বয়সী এক ডেলিভারি রাইডার। পুলিশ সূত্রে খবর, রাত ৩টে ২৬ নাগাদ হেম শকর নামে ওই যুবক তাঁর ইলেকট্রিক স্কুটিতে করে যাচ্ছিলেন, তখনই একটি দ্রুতগামী গাড়ি তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবক জেপ্টো সংস্থার ডেলিভারি এগজিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহিত কুমার, যিনি নজফগড়ের বাসিন্দা এবং পেশায় এক ঠিকাদার। অভিযোগ, দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে অভিযুক্তকে আটক করে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মধ্যরাতে রাজধানীর রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ জানিয়েছে, চালক মদ্যপ ছিলেন কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।