যেকোনো ভাষার ওপর আক্রমণ হলে রুখে দাঁড়াবো, একুশের মঞ্চ থেকে হুঙ্কার মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের এই পুণ্যলগ্নে দাঁড়িয়ে বিশ্বের সমস্ত ভাষা-শহিদ ও ভাষা-সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেবল শ্রদ্ধা জানানোই নয়, মাতৃভাষা দিবসের সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাষার অধিকার রক্ষায় এক বড়সড় বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, যেকোনো ভাষার ওপর যদি কোনো আঘাত আসে, তবে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত বা জীবনানন্দের বাংলা ভাষাই শুধু নয়, আমরা পৃথিবীর সমস্ত ভাষাকেই সমানভাবে সম্মান করি। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের সরকারের আমলেই হিন্দি, সাঁওতালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, কুরুখ, কুড়মালি, পাঞ্জাবি ও তেলুগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে।” পাশাপাশি সাদরি ভাষার মানোন্নয়নেও রাজ্য সরকার নিরন্তর সচেষ্ট বলে তিনি উল্লেখ করেন।
রাজ্যের প্রতিটি মানুষ যাতে নিজস্ব মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পান, তা সুনিশ্চিত করা হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী আরও লেখেন, “আমরা হিন্দি আকাদেমি থেকে শুরু করে রাজবংশী, কামতাপুরী ও সাঁওতালি ভাষা আকাদেমি তৈরি করেছি। একুশের এই পবিত্র দিনে আমরা অঙ্গীকার করছি যে, যেকোনো ভাষার ওপর কোনো প্রকার আক্রমণ নেমে এলে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমানভাবে সম্মাননীয়।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভাষার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজপথে নেমেও প্রতিবাদ জানিয়েছেন তিনি। আজকের এই বার্তা সেই অবস্থানকেই আরও শক্তিশালী করল বলে মনে করছে রাজনৈতিক মহল। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকে মনে করিয়ে দিয়ে তিনি আজ বিশ্বের সমস্ত ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।