চলন্ত ট্রেনেই প্রসববেদনা, যাত্রীদের সহায়তায় পুত্রসন্তানের জন্ম দিলেন তরুণী

চলন্ত ট্রেনেই প্রসববেদনা, যাত্রীদের সহায়তায় পুত্রসন্তানের জন্ম দিলেন তরুণী

কাটোয়া-আজিমগঞ্জ শাখার চলন্ত ট্রেনে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা। মুর্শিদাবাদের সালারের বাসিন্দা সুন্দরী বিবি নামে এক অন্তঃসত্ত্বা তরুণী তাঁর মায়ের সঙ্গে কাটোয়ায় চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। কেতুগ্রামের শিবলুনের কাছে ট্রেনের কামরাতেই হঠাৎ তাঁর তীব্র প্রসবযন্ত্রণা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে কামরায় থাকা অন্য মহিলা যাত্রীরা দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং কাপড় দিয়ে আড়াল তৈরি করে নিরাপদ প্রসব নিশ্চিত করেন।

ঘটনার খবর পাওয়া মাত্রই কাটোয়া স্টেশনে তৎপর হয়ে ওঠে জিআরপি। স্টেশনে আগে থেকেই প্রস্তুত ছিলেন মহিলা পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। ট্রেনটি স্টেশনে পৌঁছালে দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে বাইরে অপেক্ষায় থাকা অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সেখান থেকে তাঁদের তড়িঘড়ি কাটোয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রেল পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও সহযাত্রীদের মানবিকতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মা ও সদ্যোজাত পুত্রসন্তান দুজনেই সুস্থ রয়েছেন। তরুণীর স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। প্রসূতির মা আসমাতারা বিবি জানিয়েছেন, দুই মেয়ের পর এদিন ট্রেনের কামরাতেই নাতির জন্ম হওয়ায় তাঁরা অত্যন্ত খুশি। চলন্ত ট্রেনের কামরা কার্যত লেবার রুমের ভূমিকা পালন করায় সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *