আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বিশ্বজুড়ে ১০ শতাংশ আমদানি শুল্ক চাপালেন ট্রাম্প

আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বিশ্বজুড়ে ১০ শতাংশ আমদানি শুল্ক চাপালেন ট্রাম্প

আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি ঘোষণা করলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বিশ্বের সমস্ত দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ওভাল অফিসে বসে এই সংক্রান্ত এক নির্দেশিকায় স্বাক্ষর করে তিনি জানান, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (IEEPA) অধীনে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়েও ট্রাম্প কড়া মনোভাব প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মহান ব্যক্তি’ হিসেবে সম্বোধন করলেও ট্রাম্পের দাবি, অতীতে ভারত বাণিজ্যে অন্যায্য সুবিধা ভোগ করেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আইনি বাধা সত্ত্বেও ভারতের সঙ্গে সম্পাদিত নতুন বাণিজ্য চুক্তিতে কোনো পরিবর্তন হবে না। চুক্তির শর্ত অনুযায়ী ভারতকে নির্ধারিত শুল্ক দিতে হবে এবং আমেরিকার জন্য এটি একটি ‘ন্যায্য চুক্তি’ বলে তিনি অভিহিত করেন।

এর আগে প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে ট্রাম্পের এককভাবে শুল্ক আরোপের ক্ষমতাকে ‘কর্তৃত্বের অপব্যবহার’ বলে রায় দিয়েছিল। তবে ট্রাম্প সেই রায়কে গুরুত্ব না দিয়ে উল্টে ভারত-পাকিস্তান প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েই তিনি দুই দেশের যুদ্ধ থামিয়েছিলেন। বর্তমানে বিশ্বব্যাপী এই নতুন শুল্ক নীতি কার্যকর করার মাধ্যমে তিনি আমেরিকার অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে চান বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *