দোলের আগেই কেরালা সরকারের বাম্পার ধামাকা, একধাক্কায় ১০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা

দোলের আগেই কেরালা সরকারের বাম্পার ধামাকা, একধাক্কায় ১০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা

দেশের এক প্রান্তের সরকারি কর্মচারীরা যখন বকেয়া ডিএ আদায়ের দাবিতে রাস্তায় নামছেন অথবা কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের আশায় দিন গুনছেন, ঠিক সেই আবহে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল কেরালা সরকার। আসন্ন দোল উৎসবের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে একলাফে ১০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল পিনারাই বিজয়নের প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে কর্মীদের মূল বেতনের ওপর ডিএ-র হার ২৫ শতাংশ থেকে বেড়ে একধাক্কায় ৩৫ শতাংশে পৌঁছাল।

কেরালা সরকারের এই নতুন ঘোষণা অনুযায়ী, বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা চলতি বছরের মার্চ মাসের বেতন থেকেই কার্যকর হতে চলেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে লাভবান হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। শুধুমাত্র মূল সরকারি দপ্তরের কর্মীরাই নন, এই ডিএ বৃদ্ধির তালিকায় ঠাঁই পেয়েছেন স্থানীয় স্বায়ত্ত্বশাসিত সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও। এমনকি পূর্ণকালীন কন্টিনজেন্ট কর্মীরাও এই আর্থিক সুবিধার আওতায় থাকছেন।

কারা পাচ্ছেন এই বর্ধিত ডিএ-র সুবিধা

কেরালা সরকারের জারি করা নির্দেশিকা অনুসারে, রাজ্য পরিষেবা পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী এবং প্রাক্তন অনুগ্রহ প্রাপকদের জন্য ১০ শতাংশ হারে মহার্ঘ ত্রাণ (DR) অনুমোদিত হয়েছে। এপ্রিল মাসের পেনশনের সাথেই এই বর্ধিত টাকা হাতে পাবেন তারা। এ ছাড়াও অস্থায়ী শিক্ষক এবং পুনঃনিয়োগপ্রাপ্ত পেনশনভোগীরাও তাদের নির্দিষ্ট বেতন কাঠামো অনুযায়ী এই সুবিধা পাবেন।

পাবলিক সেক্টর ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য নিয়ম

রাজ্যের পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSU), সংবিধিবদ্ধ কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত বোর্ডগুলোর ক্ষেত্রেও ডিএ বৃদ্ধির পথ প্রশস্ত করা হয়েছে। তবে এই সংস্থাগুলো তাদের নিজস্ব আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা কার্যকর করতে পারবে। যেসব প্রতিষ্ঠানের বেতন বা পেনশনের ৯০ শতাংশের বেশি সরকারি অনুদান থেকে আসে, তারা নিজস্ব গভর্নিং বডির অনুমোদনেই এই বৃদ্ধি কার্যকর করতে পারবে। তবে কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড (KSEB) এবং কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC)-এর জন্য খুব শীঘ্রই পৃথক নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে।

বকেয়া মেটানোর বিশেষ পরিকল্পনা

সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে যে বকেয়া (Arrears) তৈরি হয়েছে, তা মেটানোর জন্য দ্রুত একটি পৃথক আদেশ জারি করা হবে। যেখানে বিভিন্ন রাজ্যের কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবিতে আদালতের দরজায় কড়া নাড়তে হচ্ছে, সেখানে কেরালা সরকারের এই আগাম এবং স্বতঃস্ফূর্ত ঘোষণা প্রশাসনিক মহলে এক নতুন নজির সৃষ্টি করল। উৎসবের মরসুমের আগেই পকেটে বাড়তি টাকা আসার খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কেরালার সরকারি কর্মচারী মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *