মার্চেই আকাশের বুকে মহাজাগতিক বিস্ময়, ভারত থেকে কি দেখা যাবে বছরের প্রথম রক্তিম চাঁদ

আগামী মার্চ মাসেই মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরল মুহূর্ত। বছরের শুরুতেই আকাশের বুকে ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ৩ মার্চ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে চাঁদ। ভারতীয় সময় অনুযায়ী এই মহাজাগতিক দৃশ্য শুরু হবে বিকেল ৪টে ৫৮ মিনিটে এবং পূর্ণগ্রাস স্থায়ী হবে বিকেল ৫টা ৩২ মিনিট পর্যন্ত। তবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ চলবে রাত ৭টা ৫৩ মিনিট পর্যন্ত।
ভারতের অনেক জায়গায় যখন এই পূর্ণগ্রাস প্রক্রিয়া চলবে, তখন আকাশ পুরোপুরি অন্ধকার হবে না অর্থাৎ গোধূলি লগ্ন থাকবে। এর ফলে দেশের সব প্রান্ত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সৌন্দর্য সমানভাবে উপভোগ করা সম্ভব নাও হতে পারে। তবে গ্রহণের শেষ পর্যায়ে অর্থাৎ খণ্ডগ্রাস চলাকালীন ভারতের আকাশ থেকে চাঁদকে স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের এই প্রথম চন্দ্রগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।