২০ কোটি টাকা না দিলে বড় বিপদ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রণবীর সিং, জারি লুকআউট সার্কুলার

বলিউডে ফের বিষ্ণোই গ্যাংয়ের ত্রাস! সালমান খানের পর এবার সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হলো অভিনেতা রণবীর সিংকে। অভিনেতার ম্যানেজারের কাছে আসা একটি রহস্যময় ভয়েস মেসেজকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে মায়ানগরীতে। ওই মেসেজে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের কুখ্যাত সদস্য হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সার বলে পরিচয় দিয়ে রণবীরের কাছ থেকে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা না দিলে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বার্তায়।
এই ঘটনার গুরুত্ব বুঝে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্ত হ্যারি বক্সারের বিরুদ্ধে ইতিপূর্বেই লুকআউট সার্কুলার জারি করা হয়েছে যাতে সে দেশ ছেড়ে পালাতে না পারে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হুমকির নেপথ্যে আন্তঃরাজ্য অপরাধী চক্রের হাত থাকতে পারে। হুমকির কণ্ঠস্বরটি সত্যিই হ্যারি বক্সারের কি না, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই ভয়েস রেকর্ডটি পাঞ্জাব ও হরিয়ানা পুলিশের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
বলিউড তারকাদের ওপর বিষ্ণোই গ্যাংয়ের এই ধারাবাহিক লক্ষ্যবস্তু হওয়ার ঘটনায় মুম্বই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে। রণবীরের বাসভবন ও তাঁর আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আপাতত পাঞ্জাব পুলিশের থেকে বিশদ তথ্যের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। এই হাই-প্রোফাইল মামলার তদন্তে এখন কোন নতুন মোড় আসে, সেদিকেই নজর রয়েছে গোটা দেশের।