ডাইনি অপবাদে মা ও শিশুকে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪

ডাইনি অপবাদে মা ও শিশুকে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪

ঝাড়খণ্ডের চাইবাসায় কুসংস্কারের বশে ৩২ বছর বয়সি এক মহিলা ও তাঁর দুই মাসের শিশু পুত্রকে জ্যান্ত পুড়িয়ে মারার নৃশংস ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে কুমারডুঙ্গি থানার অন্তর্গত এলাকায় একদল গ্রামবাসী ওই মহিলার বাড়িতে চড়াও হয়। জ্যোতি সিঙ্কু নামে ওই মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে তাঁর এবং কোলের শিশুর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ভয়াবহ ঘটনায় মহিলার স্বামী কোলহান সিঙ্কু গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, কোলহানের এক আত্মীয়ের মৃত্যুতে জ্যোতিকে দায়ী করেই এই হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে কোলহান জখম অবস্থায় থানায় পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও শিশুর দগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে। জগন্নাথপুরের এসডিপিও রাফায়েল মুর্মু জানিয়েছেন, প্রাথমিক তদন্তে একই পরিবারের প্রায় দশজনের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। কুসংস্কারের নামে এই জঘন্য অপরাধে যুক্ত বাকি অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *