৩৩ শিশুকে যৌন নির্যাতন ও ভিডিও বিক্রির দায়ে দম্পতিকে মৃত্যুদণ্ড

উত্তরপ্রদেশের বান্দা ও চিত্রকূট জেলায় ৩৩ শিশুকে দীর্ঘ এক দশক ধরে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত রামভবন ও তার স্ত্রী দুর্গাবতীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বিশেষ আদালত। সেচ দপ্তরের প্রাক্তন এই কর্মী উপহার ও টাকার প্রলোভন দেখিয়ে শিশুদের ফাঁদে ফেলত এবং নির্যাতনের ভিডিও ডার্ক ওয়েবে বিক্রি করত। বিচারক এই নৃশংসতাকে ‘বিরলতম’ অপরাধ হিসেবে আখ্যায়িত করে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করেছেন।
তদন্তে উঠে এসেছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে সংঘটিত এই পৈশাচিক ঘটনায় শিশুদের শরীরে ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নির্যাতিত শিশুদের মধ্যে অনেকের বয়স ছিল মাত্র তিন বছর, যারা এখনও গভীর মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। ফরেনসিক ও ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ ২০২১ সালে চার্জশিট জমা দেয়, যেখানে অপরাধীদের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আদালত দোষীদের মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রতিটি নির্যাতিত শিশুকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। অপরাধীদের সম্পত্তি থেকে বাজেয়াপ্ত অর্থ ভুক্তভোগীদের মধ্যে সমানভাবে বণ্টনের আদেশ দেওয়া হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে।