বিশ্বকাপে অংশ না নেওয়ায় ‘মানসিক কোমায়’ দুই ক্রিকেটার, আসিফ নজরুলকে কড়া আক্রমণ সালাহউদ্দিনের

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ঘিরে উত্তাল দেশের ক্রিকেট মহল। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। সালাহউদ্দিনের দাবি, বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হওয়ায় দলের দুই ক্রিকেটার অন্তত পাঁচ দিন ‘মানসিক কোমায়’ ছিলেন। টুর্নামেন্ট বয়কটের জেরে খেলোয়াড়দের ক্যারিয়ার ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন।
সালাহউদ্দিন সরাসরি আসিফ নজরুলকে মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানান, শুরুতে এটিকে সরকারি সিদ্ধান্ত বলা হলেও পরে বোর্ড ও ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে প্রচার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছ থেকে এমন ‘ইউ-টার্ন’ এবং অসত্য বক্তব্য কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।
এই সিদ্ধান্তের ফলে মুস্তাফিজুর রহমানের মতো তারকাদের আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এবং টুর্নামেন্টে বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড। দীর্ঘ বিরতির পর আগামী মার্চ মাসে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। সালাহউদ্দিনের এই বিস্ফোরক মন্তব্য দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।