পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, গঠিত হলো ‘এমপাওয়ার্ড কমিটি’

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠকের পর রাজ্যস্তরে ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠনের গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই কমিটিই এখন থেকে রাজ্যে সিএএ-র অধীনে নাগরিকত্বের আবেদন যাচাই ও অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব নীতিশ কুমার ব্যাসের নির্দেশিকায় জানানো হয়েছে, ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনসের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল এই কমিটির প্রধান হবেন। কমিটিতে ইন্টেলিজেন্স ব্যুরো, এনআইসি এবং ডাক বিভাগের পদস্থ আধিকারিকরা সদস্য হিসেবে থাকছেন। মূলত ৩১ ডিসেম্বর ২০১৪-র আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রশাসনিক কাঠামো এর মাধ্যমে সম্পন্ন হলো।
তৃণমূল কংগ্রেস এই আইনকে শুরু থেকেই ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে বিরোধিতা করে আসছে। রাজনৈতিক মহলের মতে, মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ ও শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার এই প্রক্রিয়া ভোটের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গঠিত এই কমিটি এখন থেকে সরাসরি নাগরিকত্বের শংসাপত্র প্রদানের কাজ তদারকি করবে।